নরসিংদীর মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ ৭ যাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ৩০ মে ২০১৫, ০১:৪২

নরসিংদীর মেঘনা নদীতে ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের ৪ শিশুসহ ৭ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করে ৬টি লাশ। এরা হলো সদর উপজেলার বগারগোত গ্রামের শাজাহ উদ্দিনের স্ত্রী নূরজাহার নূরী (৬০), একই গ্রামের রূপ মিয়ার স্ত্রী ফালানী বেগম (৬০), কালিকাপুর গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফারজানা (৮) এবং পাইকারচর গ্রামের ফারুক মিয়ার তিন সন্তান উম্মে এ্যানি (৪), সুমাইয়া (৮) ও ফয়সাল (৬)। এর আগে গত বৃহস্পতিবার উদ্ধার করা হয় ফারুক মিয়ার অপর সন্তান বায়েজিদের (২) লাশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরানচর থেকে ৬০/৭০ জন যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি গত বৃহস্পতিবার বগারগোত এলাকার কাছাকাছি আসতেই প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থেকে যায় ৭ জন যাত্রী। ঝড় থামার পর আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশু বায়েজিদের লাশ উদ্ধার করে। নরসিংদী সদর থানার ওসি কেএম আবুল কাসেম জানান, লাশগুলো নিহতদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।