লাকসামে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালকসহ আহত ২

আপডেট : ৩০ মে ২০১৫, ১৩:১০
 
কুমিল্লার লাকসাম পৌরসভার গুন্তিরোড এলাকায় ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম ফায়ার সার্ভিস সংলগ্ন গুন্তি রেলগেইটে দিয়ে একটি ট্রাক্টর পার হতে গেলে চাঁদপুর অভিমুখী সাগরিকা ট্রেনটি ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চালক পৌরসভার উত্তর বিনই গ্রামের রাসেল (২২) ও ট্রেনযাত্রী নেত্রকোনার কয়রাকান্দি উপজেলার কমলাকান্দি গ্রামের দীনেশ (২৮) গুরুতর আহত হন। ট্রেনের ইঞ্জিনের তৈলের ট্যাংকি ফুটো হয়ে যায়।
 

আহতদের লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ক্রেন সাগরিকা ট্রেনটি সরিয়ে আনলে ১ ঘন্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।