এই সময়ে গরমের কথা মাথায় রেখে স্বাচ্ছন্দ্য পাওয়া যায় এমন পোশাকই পরতে হবে। কেননা ছেলেরা ঘরের বাইরে বেশি সময় অবস্থান করেন। তাই পোশাকটা আরামদায়ক না হলে সারাটা দিন অস্বস্তিতে কাটবে। গরমের স্বাচ্ছন্দ্যময় পোশাক নিয়ে লিখেছেন বনি আমিন
আকাশে রোদ-বৃষ্টির খেলা। সময়-অসময়ে অঝোর ধারায় যেমন ঝরে বৃষ্টি, তেমনি ভ্যাপসা গরমে চারপাশ হয়ে ওঠে অসহ্য। এতে নাগরিক জীবনে ঘটে ছন্দ পতন। এই সময়ে ভারী ভারী পোশাকের বদলে তরুণদের পছন্দ হালকা পোশাক। তাই এখন ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে টি-শার্ট, পোলো শার্ট, জিন্স, থ্রি কোয়ার্টার প্যান্ট।
ফ্যাশনের তালে তালে সব সময় এগিয়ে চলেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো। তারা ছেলেদের জন্য গরমের উপযোগী রং-বেরঙের টি-শার্ট, পোলো শার্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট, জিন্স প্যান্ট ও ফতুয়া। এ প্রসঙ্গে নোঙরের কর্ণধার আরিফুল ইসলাম বলেন, ‘ক্রেতাদের কথা ভেবে মৌসুম উপযোগী পোশাক তৈরি করি আমরা। সে ধারাবাহিকতায় গরমের এই সময়ে আমরা টি-শার্ট ও পোলো শার্ট, প্যান্ট করেছি। ক্রেতামহলে বেশ সাড়া পাচ্ছি। পাইকারি দোকানীদের কাছ থেকেও ভালো সাড়া মিলছে।’
গরমের উপযোগী নানা রঙের ডিজাইনে বাহারি পোশাকের সমাহার নিয়ে এলো ফ্যাশন হাউস ইজি। নতুন ডিজাইনের এসব পোশাক পাওয়া যাচ্ছে ইজির সকল শোরুমে। গরমের বাহারি এসব পোশাকের সমাহারে রয়েছে—টি-শার্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি।
এছাড়া ফ্যাশন হাউস টেক্সমার্ক, ইয়েলো, এক্সটেসি, নোঙর, ব্যাঙ, ক্যাটস আইয়ে পাওয়া যাবে এসব পোশাক।
