পূর্ব সুন্দরবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের বনদস্যুর মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী শ্যালা নদীর কলামুলা খালে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- এছাহাক আলী (৩০), ইউনুছ আলী (২৫) ও আমিনুল ইসলাম (৩০)। এদের মধ্যে ইছাহাককে শরণখোলা হাসপাতালে এবং বাকি দুজনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর এলাকার মত্স্য ব্যবসায়ী মো. কবির তালুকদার ঘটনাস্থল থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জানান, রাতে বনদস্যু বারেক বাহিনী ও ভাই ভাই বাহিনী ধানসাগর স্টেশনের শ্যালা এলাকা দখল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরেই গোলাগুলি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে এই বন্দুকযুদ্ধ চলে। এসময় কলামুলা খালে ২৫ থেকে ৩০টি জেলে নৌকা অবস্থান করছিল। দস্যুদের ছোড়া গুলিতে তিন জেলে গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. সুলতান মাহমুদ জানান, বনদস্যুদের মধ্যে গোলাগুলি ও জেলে আহত হওয়ার খবর শুনেছি। এই ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
