আশুলিয়ায় ব্যাংক ডাকাতির কমান্ডার গ্রেফতার

আপডেট : ৩১ মে ২০১৫, ২০:৫০
 
বহুল আলোচিত আশুলিয়ায় ব্যাং ডাকাতির ঘটনায় অপারেশন কমান্ডার মাহফুজুল ইসলাম শামীম ও সুমনকে গ্রেফতার হয়েছে। শনিবার রাতে ঢাকার মধ্যবাড্ডার তেঁতুলতলা এলাকা থেকে  গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। এ নিয়ে ওই ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে  পুলিশ গ্রেফতার করে।
 
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান,  গ্রেফতারকৃত শামীম আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার রানাগাছা।
 
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম জানিয়েছে, সে জেএমবির নেতা ছিল। আশুলিয়ায় সংঘঠিত ব্যাংক ডাকাতির ঘটনায় অপরারেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছে। পরে রাইফেল ও গ্রেনেড ব্যবহার করে উপস্থিত জনতাকে হতাহত করে ডাকাত দলকে নিরাপদে নিয়ে যেতে সহায়তা করে।
 
গত ২১ এপ্রিল দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ঢুকে বোমা মেরে, গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তারক্ষীসহ তিনজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা লুট করে ডাকাতরা।তারা বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রতিরোধ করলে ডাকাতদের গুলি ও বোমায় আরও চারজন নিহত হন।জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের দুজন মোটর সাইকেল থেকে পড়ে গেলে গণপিটুনিতে নিহত হন একজন। অন্যজন চিকিত্সাধীন অবস্থায় দুই দিন পর হাসপাতালে মারা যান।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃত শামীম ২০১৩ সালের ৭ আগস্ট বগুড়ার সদর থানা এলাকায় জেএমবির প্রশিক্ষণ শিবিরে পুলিশের অভিযানকালে সে অস্ত্রসহ পালিয়ে যেতে সক্ষম হয়। ওই ঘটনায় পুলিশ বেশকিছু অস্ত্র উদ্ধার করে। এরপর চলতি বছরের ১০ মার্চ গাজীপুরে সংঘটিত বোর্ডবাজারে বিকাশের পাঁচ লাখ টাকা ছিনতাইকালে এক জনকে হত্যার ঘটনায় জড়িত আছে মর্মে জানায়।
 
ইতোমধ্যে ব্যাংক ডাকাতির ঘটনার অপর আসামি আল-আমিন হোসেন উক্ত মামলায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেন। উক্ত স্বীকারোক্তিতেও মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমন বিকাশে  পাঁচ লক্ষ টাকা ডাকাতি ও একজনকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
 
শামীম আরো জানায়,  ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া জেএমবি নেতা সালাউদ্দিনের ঘনিষ্ট সহযোগী। ওই ঘটনায় মুক্ত হওয়ার পর সালাউদ্দিনের সাথে নেতৃত্বের মতানৈক্য সৃষ্টি হওয়ার কারণে সে সহ একটি গ্রুপ জেএমবি থেকে বের হয়ে আনসার উল্লাহ বাংলা টিমে যোগদান করেন।