ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত সীসা ও মনো-সোডিয়াম গ্লুটামেট থাকার প্রমাণ পাওয়ায় ভারতের উত্তরপ্রদেশের একটি আদালতে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মনো-সোডিয়াম গ্লুটামেট, টেস্টিং লবণ হিসেবে পরিচিত।
উত্তরপ্রদেশের ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফএসডিএ) শনিবার বারাবাঙ্কি জেলার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেসলে ইন্ডিয়ার (ম্যাগি নুডলস প্রস্তুতকারক কোম্পানি) বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
এফএসডিএ গত মার্চে ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসে সহনীয় মাত্রার চেয়ে বেশি সীসা এবং উচ্চ মাত্রার মনো-সোডিয়াম গ্লুটামেট (এমএসজি) পায়। এর ভিত্তিতে সংস্থাটি রাজ্যটির বিভিন্ন দোকান থেকে ওই সব নুডলস সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল।
রাজ্যেও ডেপুটি ফুড সেফটি কমিশনার বিজয় বাহাদুর বলেন, ‘বিভ্রান্তিকর প্যাকেজিং এবং ক্ষতিকর পণ্য তৈরির জন্য শনিবার সুইজারল্যান্ডের এই কোম্পানিটির বিরুদ্ধে স্থানীয় আদালতে মামলা দায়ের করা হয়।’
তিনি আরো জানান, নেসলে ইন্ডিয়ার কর্মকর্তাদের ১ জুলাই আদালতে হাজির হতে বলা হয়েছে।
তবে শুক্রবার এক বিবৃতিতে নেসলে ইন্ডিয়া এফডিএ’র পরীক্ষার ফল প্রত্যাখ্যান করে বলেছে তারা একটি স্বাধীন পরীক্ষাগারে তাদের পণ্যের নমুনা পাঠিয়েছে। এ পরীক্ষার ফল সরকারকে দেখানো হবে।
অন্যদিকে, স্থানীয় এক আইনজীবী একই আদালতে শনিবার বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন এবং দেশটির দুই অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতার বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতা বিজ্ঞাপনে কার্যত ক্ষতিকর একটি পণ্যের ইতিবাচক দিক প্রচার করেছেন। সূত্র: এএফপি
