১৯ ঘণ্টা পর গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০১ জুন ২০১৫, ১২:১৭

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বেতজুড়ি এলাকার ডিগনিটি টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানায় লাগা আগুন প্রায় ১৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন  নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। ভিতরে কোন মৃতদেহ আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে।

 

এদিকে ঘটনা তদন্তে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


ফায়ার সার্ভিস সূত্রে জানায়, রবিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া নতুন বাজার এলাকায় ডিগনিটি টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার স্টিল দিয়ে তৈরী সাত তলা ভবনের তৃতীয় তলার গোডাউনে আগুনের সূত্রাপাত হয়। আগুন দ্রুত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা কারখানার ঐ ভবনের উপরের সমস্ত অংশে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ঢাকা, টঙ্গী, জয়দেবপুর, সাভার, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে প্রায় ১৯ ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানান, আগুনের উত্তাপে ভবনের স্টিলের ফ্রেম দুর্বল হয়ে গলে গলে পড়ায় আগুন নিয়ন্ত্রণে দেরী হয়েছে।  

ঐ কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। কারখানায় বিভিন্ন ধাপে সুতা থেকে ‘টি শার্ট’ তৈরী করা হয়। অগ্নিকাণ্ডের সময় দুপুরের খাবারের বিরতি থাকায় প্রায় সকল শ্রমিক ও কর্মকর্তারা কারখানা ভবনের বাইরে ছিলেন।

আগুনে কারখানার ভবনসহ যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ পোশাক তৈরীর কাঁচামাল পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।