দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় বুধবার দেশটির দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। মার্স ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সিউলের প্রচেষ্টার অংশ হিসেবে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
এ ভাইরাসে এ পর্যন্ত ৩০ জন আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে দুই জন মারা গেছে। এতে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
মার্স ভাইরাসে আরো লোক আক্রান্ত হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধারণা করছে। এদিকে এ ভাইরাসে সরকারের প্রাথমিক পদক্ষেপ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে।
প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে একটি সমন্বিত পরিকল্পনা খুঁজে বের করতে শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতাল বিশেষজ্ঞদের সাথে জরুরি বৈঠকের আয়োজন করেছেন।
এদিকে রাতে নতুন করে আরো ৫ জন মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি আরবের বাইরে এটি হচ্ছে সবচেয়ে ব্যাপক আকারে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা।
উল্লেখ্য, ২০১২ সালের পর থেকে সৌদি আরবে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ৪শ’ লোকের প্রাণহানি ঘটে।
