শবেবরাতের নামাজ পড়ে ফেরার পথে দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৭:০১
 
শব-ই-বরাতে নামাজ পড়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মারা গেছেন মাইনুদ্দিন (১৮) ও আশিকুর রহমান শান্ত (১৮) নামের দুই বন্ধু। এ সময় ইমন হাসান (১৮) নামের অপর বন্ধু বেঁচে গেলেও তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোর ৫টায় খিলগাঁও ফ্লাইওভারের মুগদা প্রান্তের দিকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
 
সুবজবাগ থানার এসআই দুলাল জানান—মাইনুদ্দিন, শান্ত ও ইমনের বাড়ি মুগদার উত্তর ঝিলপাড় এলাকায়। শব-ই-বরাতে তারা কমলাপুর জামে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। ইমনের চাচা মানিক আহমেদ বাবুর মোটরসাইকেলে তারা ওই মসজিদে যান। ভোর ৫টার দিকে তারা মসজিদ থেকে মোটরসাইকেলে বাসায় আসার জন্য রওনা দেন। মোটরসাইকেলটি ফ্লাইওভারের মুগদা প্রান্তের দিকে নামার সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই মাইনুদ্দিন মারা যান। পরে আহত অবস্থায় অন্য দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা শান্তকে মৃত ঘোষণা করেন।
 
ইমনের বাড়ির মুগদার ৩১, উত্তর ঝিলপাড়। শান্ত ও মাইনুদ্দিনের বাড়ি ৩৩/১, উত্তর ঝিলপাড়।
 
এ দুর্ঘটনায় ইমনের চাচা মানিক আহমেদ বাবু বাদী হয়ে সুবজবাগ থানায় মামলা করেছেন।