মার্স ভাইরাস: দক্ষিণ কোরিয়ায় ৭০০ স্কুল বন্ধ

আপডেট : ০৪ জুন ২০১৫, ১২:০৭
 
দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সেখানে ৭০০ স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। এনিয়ে জনমনে আতঙ্ক বাড়ছে।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে নতুন করে পাঁচজন আক্রন্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫ জন আক্রান্ত হওয়ার  খবর পাওয়া গেছে। মারা গেছেন দুইজন।
 
মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা মার্স সৌদি আরবের বাইরে এই প্রথম এত ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ছে। গত ২০ মে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি শরীরে মার্স ভাইরাস প্রথম শনাক্ত করা হয়। এর আগে ঐ ব্যক্তি সৌদি আরব সফর করেছিলেন।
 
মার্স ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে দেশটির মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অনেক মানুষ মুখবন্ধনী পরে গণপরিবহনে চলাফেরা করছেন।
 
কোরিয়া পর্যটন সংস্থা (কেটিও) জানিয়েছে, প্রায় সাত হাজার পর্যটক দক্ষিণ কোরিয়ায় তাদের পরিকল্পিত ভ্রমণ বাতিল করেছেন। এই পর্যটকদের অধিকাংশই চীন ও তাইওয়ানের।
 
সার বিশ্বে এক হাজার ১৬১ জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪৩৬ জন। ২০ টির বেশি দেশে মার্স ভাইরাস ছড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব সৌদি আরবে। সূত্র: এএফপি।