অতিরিক্ত মদ্যপানে যশোরের কেশবপুর উপজেলায় দুইজন মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে ও দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মত্যু হয়। মৃত নিজাম উদ্দিন গাজী (৫০) কেশবপুর পৌর শহরের নরেন্দ্রপুর ভোগাতি এলাকার মৃত গঞ্জে গাজীর ছেলে। অপরজন উপজেলার
মধ্যকূল গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে সিরাজুল ইসলাম খান (৪৫)।
নিহতদের স্বজনেরা জানায়, বুধবার রাতে নিজাম উদ্দিন গাজী, সিরাজুল ইসলাম খানসহ চারজন মনিরামপুর এলাকা থেকে স্প্রিট মেশানো মদপান করে নিজ এলাকা কেশবপুরে আসেন। একপর্যায়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিজাম উদ্দিন গাজী, সিরাজুল ইসলাম খানকে রাতেই কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে নিজাম উদ্দিন গাজীকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সিরাজুল ইসলাম খানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। নিজাম উদ্দিন গাজী যশোরে চিকিৎসাধীন অবস্থান ভোর পৌনে পাঁচটায় মারা যান। আর খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে মারা যান সিরাজুল ইসলাম খান।
ঘটনার সত্যতা স্বীকার করে কেশবপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, অতিরিক্ত মদপানে নিজাম উদ্দিন ও সিরাজুল অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তারা খবর পেয়েছেন। ওসি আরো বলেন, ‘তারা কোথা থেকে মদপান করেছে সেটা এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি। কেশবপুরে তো মাদক বিক্রি হয় না।’
