দেড় ঘণ্টা পর জানানো হলো স্টিমার বিকল

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:২২

ঢাকা-মোড়েলগঞ্জ রুটের বিআইডব্লিউটিসির প্যাডেল স্টিমার পিএস মাহসুদ রবিবার বরিশাল ঘাটে বিকল হয়ে পড়ে। কিন্তু অপেক্ষায় থাকা যাত্রীদের দেড় ঘণ্টা পর জানানো হলো স্টিমার বিকল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

যাত্রীরা অভিযোগ করে বলেন, দুপুর আড়াইটায় মোড়েলগঞ্জে পৌছার কথা ছিলো স্টিমারটির। সে অনুযায়ী তারা ঘাটে এসে অপেক্ষা করছিলেন। কিন্তু থেকে স্টিমারটি চালু না হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হলে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী শামসুল হক তা মেরামত শুরু করেন।

যাত্রীরা আরো বলেন, প্রায় দেড় ঘণ্টা পর যাত্রীদের জানিয়ে দেওয়া হয় স্টিমারের ব্যাবেল গিয়ারের কুলার অকেজো হয়ে পড়ায় যাত্রা বাতিল করা হয়েছে। এসময় স্টিমারে থাকা দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীরা অসন্তোষ প্রকাশ করে বিকল্প যানবাহনে শিশু ও নারীদের নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ঘাট ত্যাগ করতে থাকেন। কেউ কেউ বাড়তি টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে বিভিন্ন রুটের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আরো পড়ুন: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ডাকে ‘সাড়া’ দেওয়ার চেষ্টা কাদেরের

যাত্রীরা জানান, এ ভোগান্তি তাদের নতুন নয়। বিভিন্ন সময় সরকারি এ সার্ভিসে তাদের দুর্ভোগ পোহাতে হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে স্টিমারের প্রথম শ্রেণিতে থাকা বিদেশি পর্যটকরা ক্ষোভ প্রকাশ করছেন। দুই পরিবারের ৭ জন পর্যটক কিভাবে গন্তব্যে পৌছবেন তা নিয়ে তাদের চোখে মুখে হতাশার ছাপ দেখা গেছে।

বিআইডব্লিউটিসির স্টিমার পিএস মাহসুদ। ছবি: ইত্তেফাক

বিআইডব্লিউটিসির বরিশালের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, মোড়েলগঞ্জসহ অন্যান্য স্থানের যাত্রীদের বরিশাল নদী বন্দরেই নেমে যাওয়ার অনুরোধ জানালে তারা নেমে যান। পাশাপাশি তাদের গন্তব্যের ভাড়াও  ফেরত দেওয়া হয়েছে। স্টিমারটির কুলার ঠিক করা জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে যেতে পারে বলে তিনি জানান।

ইত্তেফাক/জেডএইচ