কুমিল্লায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় নাছিমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার লাকসাম উপজেলার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিমা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের জামাল গাজীর স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছিমা আক্তার বাসে করে লাকসাম আসার পর বাইপাস সড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
কুমিল্লার লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
