কাজল কালো চোখ

আপডেট : ০৬ জুন ২০১৫, ১৬:৩৭
চোখ হলো মনের আয়না। বন্ধুর আড্ডা বা জমকালো কোনো আয়োজনেও তাই বিশেষ যত্ন থাকে এই চোখের প্রতি। পাশাপাশি সুন্দর চোখ অনেক না বলা কথা বলে দেয়। সুন্দর চোখ দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই। কাজল কালো চোখের সাজ নিয়ে লিখেছেন সাবেরা সুলতানা
 
ষাটের দশকের মোটা করে কাজল দেওয়ার রীতিটা এই সময়ের মেয়েরাও বেশ পছন্দ করেন। কালো ছাড়াও গাঢ় নীল, সবুজ, হালকা নীল, গ্লসি বিভিন্ন রঙের কাজল পোশাকের সঙ্গে মিলিয়ে পরার ফ্যাশন এখন লক্ষ করা যাচ্ছে। পাশাপাশি আইলাইনার, মাশকারা আর আইশ্যাডোর ব্যবহার তো আছেই।
 
চোখের সাজের সময় ফ্যাশনের পাশাপাশি গুরুত্ব দিতে হবে চোখের আকৃতি ও রঙের ওপর। একেক চোখের সাজ হয় একেক রকম। চোখের সাজ শুরু করার আগে ভ্রূর দিকে নজর দিন। প্রথমেই ভ্রূর বাড়তি চুলগুলো উঠিয়ে ফেলতে হবে। তারপর ছোট শক্ত ব্রাশ দিয়ে আঁচড়ে শেপ দিতে হবে। আইব্রো পেন্সিলের হালকা ছোট ছোট টানে ভ্রূ দু’টিকে গাঢ় করে নিতে পারেন।
 
যদিও চোখের সাজ হবে চোখের শেপ অনুযায়ী তবুও এই পদ্ধতিতে সব রকম চোখই সুন্দর দেখাবে। ভ্রূর নিচ থেকে চোখের ওপরের পাতা অর্থাত্ আইলিড অংশটিতে আইশ্যাডোর হালকা প্রলেপ লাগান, ভাঁজ অংশটিতে লাগান গাঢ় করে এবং এটি বাইরের দিকে উঠিয়ে মিলিয়ে দিন। আইলিডের ঠিক মাঝখানটিতে ও ভ্রূর নিচে হাইলাইটার লাগান। হাইলাইটারটি ব্রোঞ্জ কালারের হতে পারে। কালো বা রঙিন আইলাইনার দিয়ে চোখের ধার ঘেঁষে আউটলাইন আঁকুন। রেখাটি শুরু হবে চোখের ভেতরের কোণা থেকে এবং ক্রমশ মোটা হয়ে যাবে। বাইরের কোণায় সামান্য উঠিয়ে দিন রেখাটিকে।
 
চোখের নিচের পাতায় কাজল লাগান অথবা সামান্য আইশ্যাডো লাগাবেন চোখের বাইরের কোণা থেকে পাতার মাঝখান অবধি। হালকা রঙের পেন্সিলের রেখা যদি টেনে দেন নিচের পাতার ভেতর দিক দিয়ে তবে চোখটিকে সামান্য বড় দেখাবে। এরপর লাগান মাশকারা। প্রথমে ব্রাশটিকে সোজা ধরে চোখের নিচের পাতায় লাগান। স্টিকটি সোজা করে ধরবেন। এরপর ওপরের পাতায় লাগান। ব্রাশটি শুইয়ে ধরবেন এবং উপর দিকে গোল গোল করে ব্রাশ ঘুরিয়ে মাশকারা লাগান। প্রয়োজনে দু-তিন কোট লাগান। সবশেষে চোখের পাপড়িগুলোকে পরিষ্কার ব্রাশ দিয়ে পরস্পর থেকে ছাড়িয়ে নিন।
 
 
চোখের সাজ
* দিনের বেলায় চোখের সাজ হবে হালকা। চোখের ভারী মেকআপ আরও গরম অনুভূতি দেয়।
* চোখ হাইলাইট করতে আইপেন্সিল ও মাশকারা ব্যবহার করুন। সাথে লাগাতে পারেন বেজ, হালকা ব্রাউন, গ্রে ইত্যাদি হালকা রঙের শেড।
* চোখের সাজে ঔজ্জ্বল্য আনতে ওয়াটারপ্রুফ মাশকারা লাগান।
* রাতের সাজে উজ্জ্বল শেড যেমন—নেভি ব্লু, ডার্ক গ্রে, চকলেট, পিচ, পেটাল পিঙ্ক, ডার্ক গ্রিন ইত্যাদি লাগাতে পারেন।