‘ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে এমডিজি টেকসই করতে হবে’

আপডেট : ০৬ জুন ২০১৫, ১৯:১৪
 
 
 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,  ‘সমগ্র বিশ্বের উন্নয়ন পরিকল্পনায় ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন টেকসই রূপদান করতে হবে।’ শনিবার ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত প্রথম জাতীয় চর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। প্রবৃদ্ধির সুফল দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে।’
ড. শিরীন শারমিন বলেন, ‘আমরা চাই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা, যা থেকে কোনো বিশেষ শ্রেণি বা অঞ্চল বাদ না পড়ে। সকলকে সমন্বিত ও যৌথভাবে বিশেষ প্রয়োজন ও সমতার ভিত্তিতে চরাঞ্চলবাসীর সমস্যা নির্দিষ্ট করে সরকারের কাছে তুলে ধরতে হবে।’
স্পিকার বলেন, ‘সকল  অঞ্চলে সম-উন্নয়ন সৃষ্টির পরিকল্পনা সরকারের রয়েছে। তার পরও বিশেষ বিশেষ ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সেগুলো নিরসনের জন্য পরিকল্পনা নিতে হবে এবং এ থেকে অর্জিত সুফল চরাঞ্চলবাসীর কাছে পৌঁছে দিতে হবে। এ সব সমস্যার সমাধানকে টেকসই রূপ দিতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলো অন্তর্ভুক্ত করতে হবে।’ চরাঞ্চলবাসীর উন্নয়নকে টেকসই করতে সব সংসদ সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রথম জাতীয় চর সম্মেলনের চেয়ারপার্সন খোন্দকার ইব্রাহিম খালেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।