অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি একটি বুলডোজার চুরি করে তা দিয়ে একটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন। এর আগে তিনি তিনটি গাড়িও গুঁড়িয়ে দেন। দেশটির নিউক্যাসেলের তেরেলবাতে গতকাল সোমবার এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছেন। পুলিশ জানায়, ৪৮ বছর বয়সী সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটান। ওই ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তিনি একটি বুলডোজার চুরি করে আনেন। প্রথমে তিনি বাড়ির কাছে পার্ক করা তিনটি গাড়ি গুঁড়িয়ে দেন। এরপর বাড়ির মালিককে ধাওয়া করেন। কিছুক্ষণ পর মালিকের পিছু ছেড়ে বাড়ির দিকে যান এবং বাড়িটি গুঁড়িয়ে দেন। এ সময় সেখানে ২৯ বছর বয়সী এক নারী এবং তার ১৫ থেকে ২০ বছর বয়সী দুই সন্তান ছিল। এক প্রতিবেশী তাদের বাঁচাতে সক্ষম হন। ওই নারী হামলাকারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। -নাইন নিউজ
