শান্তিতে নোবেল বিজয়ী এবং পাকিস্তানের শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। গতকাল সোমবার মালালা ফান্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ডন’র।
বিবৃতিতে মালালা রোহিঙ্গা মুসলমানদের ওপর নীপিড়ন চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আহবান জানান। মালালা বলেন, আমি রোহিঙ্গাদের পাশে আছি। আপনারা সবাই নিজেদের অবস্থান থেকে যা কিছু পারেন তাদের জন্য তাই করুন। তিনি মিয়ানমার সরকারকে এই হত্যাযজ্ঞ বন্ধ করার আহবান জানিয়ে বলেন, রোহিঙ্গারাও নাগরিকত্বের দাবিদার। তাদের নাগরিকত্ব প্রদান করা হোক। কারণ সেটা তাদের জন্মস্থান। অন্য সবার মতো তাদেরও সমান সুযোগ-সুবিধা দেওয়া হোক। ১৭ বছর বয়সী এই নোবেল বিজয়ী বলেন, আমরা যেমন মর্যাদার সঙ্গে সমাজে বাস করছি, ঠিক তেমনি রোহিঙ্গারাও সেই মর্যাদা পাওয়ার অধিকার রাখে।
