ধুনটের সোনাহাটা বাজারে প্রকাশ্য দিবালোকে ডাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধুনট থানা ও স্থানীয়সূত্রে জানা যায়, মাজবাড়ী গ্রামের ডাবলু মিয়ার সাথে একই গ্রামের নুর আলমের (২৮) নানা বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছিল। দুইজনই ৬ বছর আগে একই গ্রামের সহোদর ভাই লাল মিয়া ও কালা চাঁন হত্যা মামলার আসামি। বর্তমানে দুজনই জামিনে রয়েছে।
বছরখানেক আগে ডাবলু মিয়া নুর আলমকে মারধর করে। এ নিয়ে মামলাও চলছে। সেই ঘটনার প্রতিশোধ নিতে নুর আলম সুযোগ খুঁজতে থাকে। গতকাল বিকালে ডাবলু মিয়া সোনাহাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে নুর আলম তার লোকজন নিয়ে ডাবলুর ওপর হামলা চালায় ও তাকে রামদা দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। বাজারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান ডাবলু।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান পিপিএম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাদী পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
