জি-৭ সম্মেলনের দ্বিতীয় দিনে গুরুত্ব পেল জলবায়ু ও চরমপন্থা

আপডেট : ০৯ জুন ২০১৫, ০০:৩৯

জার্মানিতে চলা ধনী দেশগুলোর সম্মেলনের দ্বিতীয় দিনে গুরুত্ব পেল জলবায়ু এবং চরমপন্থা। সম্মেলনে অংশ নেওয়া সাতটি দেশের এই দুটি ইস্যুতে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌছেছেন। বিশ্ব নেতারা তাদের অর্থনীতিকে কার্বন জ্বালানিমুক্ত করার বিষয়েও সম্মত হয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।

 
জার্মানির ব্যাভারিয়ান আল্পস পার্বত্য এলাকায় অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় দিনে এক যৌথ বিবৃতিতে বিশ্ব নেতারা বলেছেন, তারা ২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাসের নি:সরণের পরিমান ৪০ শতাংশ থেকে ৭০ শতাংশে হ্রাস করার বিষয়ে সমর্থন দেবেন।
 
২০১০ সালকে ভিত্তি বছর হিসেবে ধরা হবে। এই মাত্রার বিষয়টি সুপারিশ করেছিলে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত প্যানেল আইপিসিসি। তারা বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়েও সিদ্ধান্ত নেন। ‘ক্লাইমেট চ্যান্সেলর’ হিসেবে খ্যাতি পাওয়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও এক্ষেত্রে তার আশাবাদ ব্যক্ত করেছেন। নেতারা চরমপন্থার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কথা ঘোষণা করেন। এছাড়া গ্রিসের ঋণ সংকট নিয়েও আলোচনা করেন।
 

সম্মেলনে জার্মানি ছাড়া ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইতালি ও জাপানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।  এর আগে এই সংগঠনটি জি-৮ নামে পরিচিত ছিল। পূর্ব ইউক্রেনে হামলা চালানোর অভিযোগে গত বছর রাশিয়াকে সংগঠন থেকে বাদ দেয়া হয়। পরে এটির নাম হয় গ্রুপ সেভেন।