রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার হওয়া জাল টাকা তৈরির চক্র ঈদকে সামনে রেখে জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম এই দাবি করেন।
শেখ নাজমুল আলম জানান, গ্রেফতারকৃতরা হলেন- শফিকুল ইসলাম, সোহাগ অধিকারী, সুমন আহমেদ, বায়েজিদ উদ্দিন, সিদ্দিকুর রহমান ও জেসমিন আক্তার।
তিনি জানান, চক্রটির প্রধান শফিকুল। তিনি ও তার সহযোগীরা ছয়-সাত বছর ধরে এই কাজে জড়িত। ঈদকে সামনে রেখে এই চক্র জাল টাকা তৈরি করছিল।
ডিবি জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা জাল টাকা তৈরি করে আরেকটি চক্রকে দেয়। দ্বিতীয় চক্রটি আরেকটি চক্রকে জাল টাকা সরবরাহ করে। তৃতীয় চক্রটি জাল টাকা বাজারে ছাড়ে।
সোমবার রাতে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এই চক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তবে তাঁদের কাছ থেকে ৫০ লাখ মূল্যের জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
