হোয়াইট হাউসে বোমা আতংক প্রেস ব্রিফিং স্থগিত

আপডেট : ১১ জুন ২০১৫, ০০:২৬

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বোমা আতংকে চলমান প্রেস ব্রিফিং সাময়িক স্থগিত করা হয়। মঙ্গলবার প্রেস ব্রিফিং করছিলেন হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেষ্ট। তবে হোয়াইটের অন্য সব কক্ষে কার্যক্রম ঠিকভাবেই চলছিল। খবর দ্য গার্ডিয়ানের।

 
ব্রিফিংয়ের মাঝে হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মার্কিন সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, সেখানে বোমা রাখা হয়েছে বলে তথ্য এসেছে। এরপর জোশ আর্নেষ্ট বলেন, আমাদেরকে প্রেস রুম ত্যাগ করতে হবে। আমরা আবার ফিরে আসবো। ব্রিফিংয়ের অনুষ্ঠান অনেক টেলিভিশনে সরাসরি সমপ্রচার হচ্ছিল।
 

এরপর রিপোর্টাররা সবাই ওই কক্ষ ছেড়ে কাছের একটি ভবনে আশ্রয় নেন। জানা যায়, ওয়াশিংটন ডিসি পুলিশের কাছে টেলিফোনে প্রেস রুমে বোমা আছে বলে জানানো হয়। পুলিশ সেটি সিক্রেট সার্ভিসকে জানায়। পুলিশ সঙ্গে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালালেও কোনো কিছু পাওয়া যায়নি। প্রায় আধা ঘণ্টা পর সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে আবার কার্যক্রম শুরু করতে বলা হয়। বিকালে আবার প্রেস ব্রিফিংয়ে এসে আর্নেষ্ট রিপোর্টারদের শুভেচ্ছা জানান। স্থানীয় সময় দুপুর ২টার আগে পুলিশের কাছে এই হুমকি আসে। সমপ্রতি টেলিফোনে সিনেট অফিস ভবনেও বোমা হামলার হুমকি আসে। এসময় সিনেটের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি চললেও তা সাময়িক স্থগিত করা হয়।