পঞ্চকবির গানের দল গীতশতদল-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে আয়োজিত হলো ‘পঞ্চকবির সঙ্গীত সন্ধ্যা’। গত ৫ জুন সন্ধ্যে সাড়ে ৬টায় শাহবাগের জাতীয় যাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে পঞ্চ গীতিকবির পঞ্চ সুধারসে সিক্ত হন শ্রোতারা।
রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের সৃষ্টি মনকাড়া সব গানের পসরা নিয়ে গীতশতদল-এর এমন উদ্যোগ ও আয়োজনে মুগ্ধ হন সবাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।
ফাতেমা তুজ জোহরা বলেন, ‘আমাদের পরম্পরায়কে বাংলা গান শোনাতে হবে, বাংলা গানের চর্চা রাখতে হবে। পঞ্চকবির গানের দল গীতশতদল-এর এ উদ্যোগ ও আয়োজন খুবই প্রাসঙ্গিক এবং বাংলা গানের মূলধারাকে ধরে রাখতে পঞ্চকবির গানের এমন চর্চাকে আমি স্বাগত জানাই। এমন আয়োজনে আমাকে যখনই ডাকবে আমি চলে আসবো।’ সঙ্গীতে কোনো বিভাজন নেই, উল্লেখ করে তিনি সবাইকে বাংলা গান শুনতে ও চর্চা করতে অনুরোধ করেন।
গীতশতদল-এর পরিচালক বাঁশরী দত্ত বলেন, ‘পঞ্চ গীতিকবির বাণীসমৃদ্ধ গান মোদের নিয়ে যায় প্রাণের পথে। পঞ্চকবি নামে খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের গানগুলো আমাদের হূদয়ের গহীনে নাড়া দেয় প্রতিনিয়ত।’
সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ‘পঞ্চকবির সঙ্গীত সন্ধ্যা’। প্রথমেই সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজি বাংলাদেশের হূদয় হতে...’ গানটি। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের ‘বঙ্গ আমার জননী আমার...’ এবং কাজী নজরুল ইসলামের ‘একি অপরূপ রূপে মা...’ গান দু’টিও পরিবেশিত হয় সমবেত কণ্ঠে।
গীতশতদল-এর শিল্পীদের একক কণ্ঠে পরিবেশিত হয় পঞ্চকবি’র অনেকগুলো গান। ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি’, ‘যেখানে সে দয়াল আমার’, ‘চাঁদ হেরিছে চাঁদ মুখ তার’, ‘যদি তোর ডাক শুনে কেউ’, ‘মাঝে মাঝে তব দেখা’, ‘আমরা এমনি এসে ভেসে’, ‘নীদ নাহি আঁখি পাতে’, ‘যে মানে না মানা’সহ অন্যান্য গানগুলো মুগ্ধ হয়ে শোনেন শ্রোতারা। গান পরিবেশন করেন শিল্পী বালা, রীতা মজুমদার, আরজু আক্তার, নীতু চক্রবর্তী, রত্না দত্ত, শুক্লা রায়, অর্পণা খান, শাহরিয়া পিউ, মিতা পাল, বাঁশরী দত্ত, লায়লা মতিন, কৃষ্ণা মিত্র, মোসলেমা আক্তার, দেবযানী মিত্র প্রমুখ। অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে ফাতেমা তুজ জোহরা’র সঙ্গীত পরিবেশনা। ‘এই মনিহার আমার নাহি সাজে,’ ‘আজ তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার’, ‘মরমের গায়ে, ‘মহাকালের কোলে এসে’ গানগুলো মন্ত্র মুগ্ধের মতো শোনেন অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারা। টিনা নন্দীর উপস্থাপনায় অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে ছিলেন তবলায় ফাহমিদা মিতু ও শুভ্রত কুমার মদক, কী-বোর্ডে মাহবুবুল আলম সোহেল এবং এস্রাজে অশোক কুমার সরকার।