আইএস দমনে আঞ্চলিক পদক্ষেপের আহ্বান অস্ট্রেলিয়ার

আপডেট : ১১ জুন ২০১৫, ১৫:১০
 
জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট। বৃহস্পতিবার একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলন উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।
 
টনি অ্যাবট সতর্ক করে বলেন, কেবল স্থানীয়ভাবে নয় জিহাদী গ্রুপ ইসলামিক স্টেটের লক্ষ্য বিশ্বব্যাপী তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। চরমপন্থীদের মতাদর্শ মোকাবেলায় কৌশল খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ।
 
তিনি ইরাক ও সিরিয়ায় ছড়িয়ে পড়া ইসলামিক স্টেট গ্রুপের প্রসঙ্গ টেনে বলেন, এই ধরণের চরমপন্থী গ্রুপগুলোর সঙ্গে আলোচনা হতে পারে না। এদের বিরুদ্ধে কেবল লড়াই চালাতে হবে।
 
অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দুইদিনব্যাপী এ সম্মেলনে ৩০টি দেশের মন্ত্রী ও প্রতিনিধি এবং যোগাযোগ সাইট ফেসবুক, টুইটার ও গুগলের প্রতিনিধিরা অংশ নেন।
 
সিডনিতে অনুষ্ঠিত এ সম্মেলনে যেসব বিষয়ে আলোচনা হবে তার মধ্যে উল্লেখযোগ্য সন্ত্রাসীদের দমনে সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যবসায়ী ও সুশীল সমাজের সঙ্গে কাজ করা, সন্ত্রাসীদের প্রচার প্রচারণা নিয়ন্ত্রণ এবং যে কোন পদক্ষেপে নারী ও পরিবারকে সম্পৃক্তকরণ।
 
অস্ট্রেলীয় কর্তৃপক্ষের হিসেব মতে, একশরও বেশি অস্ট্রেলীয় আইএসে যোগ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত মারা গেছে অন্তত ৩০ জন। এছাড়া এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকেও উল্লেখযোগ্য সংখ্যক লোক জিহাদী গ্রুপে যোগ দিয়েছে। সূত্র: এএফপি।