ব্রাজিলের সাও পাওলো শহরের কাছাকাছি একশ’ একরের একটি ভূমি থেকে প্রায় তিন হাজার পরিবারকে সরকারিভাবে উচ্ছেদের পর প্রতিবাদ হিসেবে নিজেদের ঘরবাড়িতে আগুন দিয়েছে উচ্ছেদ হওয়াদের একটি অংশ। পরিবেশগত ও ভূতাত্ত্বিক কারণে ঝুঁকিপূর্ণ এলাকাটি খালি করার নির্দেশ ছিল আদালতের।
ওসাসকো এলাকায় পুলিশের সামনেই এ ঘটনা ঘটেছে। এলাকাটির কোনো কোনো বাসিন্দা এক বছরেরও বেশি সময় ধরে সেখানে বসবাস করছিলেন। পরিবেশগত ও ভূতাত্ত্বিক ঝুঁকির কারণে বিধিনিষেধ থাকায় ওই এলাকাটি আবাসিক এলাকার জন্য নির্দিষ্ট করা হয়নি জানিয়ে এলাকাটি খালি করার নির্দেশ দিয়েছিল আদালত।
২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ছিন্নমূল লোকজন এলাকাটিতে বস্তি বানিয়ে থাকতে শুরু করে। এক বছরে প্রায় তিন হাজারের মতো অস্থায়ী ঘর ওঠানো হয়। নেলসন ম্যান্ডেলা শ্যান্টিটাউন নামে পরিচিত এলাকাটিতে আরো অনেক পরিবার এসে জড়ো হতে থাকে।
উচ্ছেদের দিন সকালে পুলিশ আসার পর এলাকার বেশিরভাগ বাসিন্দাই তাদের সহযোগিতা করে। আদালতের আদেশ মেনে তারা তাদের জিনিসপত্র সরিয়েও নেয়। তবে এক পর্যায়ে বাসিন্দাদের একটি অংশ নিজেদের ঘরবাড়িসহ আশপাশের কাঠামোগুলোতে আগুন ধরিয়ে দেয়। উচ্ছেদের প্রতিবাদ হিসেবে আগুন লাগানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সূত্র: রয়টার্স
