কেনিয়ায় যৌন হয়রানি: কালো তালিকায় ১২৬ শিক্ষক

আপডেট : ১১ জুন ২০১৫, ১৯:৪৪
 
শিক্ষার্থীদের যৌন হয়রানি করায় কেনিয়ায় ১২৬ জন শিক্ষককে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
দেশটির টিচার্স সার্ভিস কমিশনের (টিএসসি) পরিচালনা পর্ষদ জানায়, কালো তালিকাভুক্তরা আর কখনো শিক্ষকতা করতে পারবে না।
 
টিএসসি’র প্রশাসনিক তদন্তের পর ওই শিক্ষকদের দোষী সাব্যস্ত করা হয়। কেনিয়ার চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি দোষী শিক্ষকদের কারাদণ্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে তাদের নির্যাতনের শিকার হতে না হয়।
 
কেনিয়ার দৈনিক নেশন জানায়, শিক্ষার্থীদের যৌন হয়রানি করার অভিযোগে কেনিয়াতে এই প্রথম শিক্ষকদের নিষিদ্ধ করা হল। এর আগে শাস্তি হিসেবে অভিযুক্ত শিক্ষকদের শুধু বদলি বা চাকরীচ্যুত করা হত।
 
২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে করা অভিযোগের ভিত্তিতে টিএসসি এ সিদ্ধান্ত নেয়। এর আগে ২০১০ সালে মেয়ে শিশুদের যৌন হয়রানি করার অভিযোগে কেনিয়ায় এক হাজারের বেশি শিক্ষককে চাকরীচ্যুত করা হয়েছিল। দেশটির প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যৌন হয়রানির ঘটনা বেশি ঘটে। সূত্র: বিবিসি