হুমকি পেয়ে জিডি করলেন তুরিন আফরোজ

আপডেট : ১১ জুন ২০১৫, ২২:২১
হুমকি ও অকথ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করে হাতে লেখা বেনামি এক চিঠি পেয়ে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
 
 বৃহস্পতিবার বিকেলে থানায় গিয়ে এই জিডি করেন তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর।
 
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন জিডি নেওয়ার কথা নিশ্চিত করে জানান, তদন্তের স্বার্থে জিডির ভাষ্য জানানো যাবে না। অশ্লীল মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করে লেখা বেনামি এ চিঠি পাওয়ার পর তুরিন আফরোজ অনিরাপদ বোধ করায় প্রসিকিউশনের পক্ষ থেকে এ জিডি করা হয়েছে বলে জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
 
বুধবার দুপুরে ট্রাইব্যুনাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গিয়ে এ চিঠি পান তুরিন আফরোজ। প্রসিকিউটরের দায়িত্ব পালনের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছেন তিনি। বুধবার এ চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার সকালেই প্রসিকিউশনের পক্ষ থেকে চিঠির বিষয়টি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকেও অবহিত করেছেন বলে জানিয়েছেন তুরিন আফরোজ। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোকেও চিঠির বিষয়টি জানানো হয়েছে।

তুরিন আফরোজ বলেন, চিঠিতে আমার পেশাগত বিষয় ছাড়াও আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। চিঠির ভাষা এতোটাই অশালীন যে এটা সভ্য সমাজের ভাষা হতে পারে না। তিনি বলেন, পেশাদারিত্বের চেয়েও একজন নারী হিসেবে আমাকে এ চিঠিতে আক্রমণ করা হয়েছে বেশি। বড় বড় বিকৃত অক্ষরে লেখা হয়েছে চিঠি।