বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ২১ সেঞ্চুরি ফক্সের মারডক জামানার অবসান হতে চলেছে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় অবসর নিতে চলেছেন মিডিয়া মোগল নামে পরিচিত অস্ট্রেলীয় বংশোদ্ভূত ৮৪ বছর বয়সী রুপার্ট মারডক। তার স্থানে দায়িত্ব নিবেন ছোট ছেলে জেমস মারডক।
তবে ঠিক কবে এই রদবদল হবে তা নিশ্চিত করে কিছু জানা যায়নি। এ বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুর দিকে ছেলের হাতে দায়িত্ব তুলে দিতে পারেন তিনি।
মিডিয়া গ্রুপ ফক্স ও নিউজ কর্পোরেশনের ৩৯ শতাংশ শেয়ারের মালিক মারডক পরিবার। ওয়াল স্ট্রিট জার্নালের মতো বিখ্যাত পত্রিকাসহ বহু টিভি চ্যানেল ও হার্পার কলিন্স প্রকাশনা সংস্থার মালিক এই পরিবার। এর আগে তার মালিকানাধীন 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড' পত্রিকা বিভিন্ন জনের ফোনে আড়ি পাতা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং এক পর্যায়ে ১৮৪৩ সালে প্রতিষ্ঠিত পত্রিকাটি বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। সূত্র: রয়টার্স
