ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় পুতিনের প্রতি আহবান পোপের

আপডেট : ১২ জুন ২০১৫, ০১:১৯

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে উদ্যোগ নেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ইতালি সফররত পুুতিন বুধবার ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে এই আহবান জানানো হয়। খবর রয়টার্সের।

 

ভ্যাটিকানে পুতিনকে যথাযথ সম্মান দিয়ে স্বাগত জানানো হয়। পুতিন এবং পোপের মধ্যে ৫০ মিনিট ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। পোপ ইউক্রেনে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত বন্ধে তৈরি শান্তি চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্ব দেন। ইউক্রেনে মানবিক পরিস্থিতির উন্নতির জন্য পুতিনের প্রতি আহবান জানান। পুতিনও পোপের মতের সঙ্গে একমত পোষণ করেন বলে ভ্যাটিকান জানিয়েছে। তারা একসঙ্গে ফটোসেশনেও অংশ নেন।