ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের পাকিস্তানকে নিয়ে বিভিন্ন মন্তব্যের নিন্দা জানিয়ে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। ভারতীয় নেতাদের বক্তব্যকে ‘উস্কানিমূলক এবং শত্রুতামূলক’ বলে উল্লেখ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, বাইরের দেশের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। আর দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, পাকিস্তান পরমাণু অস্ত্র শবে বরাতে ফাটানোর জন্য তৈরি করেনি। খবর টাইমস অব ইন্ডিয়া, ডন ও এনডিটিভি’র।
ঢাকা সফরকালে গত ৭ জুন প্রধানমন্ত্রী মোদী বলেন, পাকিস্তান ভারতে সন্ত্রাসী কার্যক্রমে মদদ দিচ্ছে। এর মাধ্যমে ভারতকে পেরেশানির মধ্যে রেখেছে দেশটি। সিনেটে প্রস্তাবটি উত্থাপন করেন হাউসের নেতা রাজা জাফারুল হক। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী বুধবার বলেন, বাইরের দেশের আক্রমণ প্রতিহত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। বুধবার বিদ্রোহী দমনে ভারতের সেনাবাহিনীর মিয়ানমারের ভেতর অভিযান পরিচালনা সম্পর্কে দেশটির তথ্য প্রতিমন্ত্রী বলেন, যে দেশই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেবে সেই দেশের যে কোনো স্থানে অভিযান চালাবে ভারত।
