যাকাত আদায় ১২ হাজার কোটি টাকা: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১২ জুন ২০১৫, ১৭:৫৭
 
 
‘বাংলাদেশে বর্তমানে যাকাত আদায়ের পরিমাণ ১২ হাজার কোটি টাকা। সবাইকে একটু সচেতন করলে আদায় ২৫ হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব।’
 
শুক্রবার রাজধানীর গুলশানে তৃতীয় যাকাত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) বলছে—বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামো ও জনগোষ্ঠী অনুপাতে যাকাত আদায় জিডিপির ৪ ভাগ হওয়া উচিত। এ জন্য ধর্মীয় নেতৃবৃন্দের একটা বড় ভূমিকা দরকার।’
 
মন্ত্রী বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে যাকাত সংগ্রহ করা যায় কি না, তা সরকার ভেবে দেখবে।’ এ সময় দারিদ্র্য বিমোচনে সরকারের পাশাপাশি দেশের সব বিত্তবান ব্যক্তি ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীদের যাকাত ও ওয়াকফের মতো তহবিল সৃষ্টির মাধ্যমে গরিব-দুস্থদের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
 
সভায় যাকাত প্রদানের অর্থ কর অব্যাহতির দেয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘যাকাত পুরোপুরি ধর্মীয় বিষয়। কোনো মুসলিম গোপনে অথবা প্রকাশ্যে যাকাত প্রদান করতে পারেন। কিন্তু কর প্রদানে গোপনীয়তার কোনো বিষয় নেই। তবু বিষয়টি নিয়ে সরকার ভেবে দেখবে।’
 
সাবেক মন্ত্রী লে জে (অব.) এম নুরুদ্দীন খানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরো বক্তব্য দেন—এ কে খান গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন কাশেম খান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি মোহাম্মদ সবুর খান, বর্তমান সহসভাপতি শোয়েব চৌধুরী প্রমুখ।
 
অনুষ্ঠানে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর উদ্যোগে স্নাতক, প্রকৌশল ও মেডিকেল পর্যায়ের ১৪১ দরিদ্র্য মেধাবী শিক্ষার্ত্রীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়। সেইসাথে ১০ মেডিকেল শিক্ষার্ত্রীকে ল্যাপটপ দেয়া হয়।
 
পরিকল্পনামন্ত্রী ফিতা কেটে যাকাত মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন—যাকাত আদায় বিচ্ছিন্নভাবে না করে বরং সুনির্দিষ্ট উপায়ে করলে দেশে দারিদ্র্য হার কমে আসবে।
 
অনুষ্ঠানে আরো জানানো হয়—এ বছর তৃতীয় বারের মতো হতে যাওয়া এ মেলা শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
 

উল্লেখ্য, ২০১৩ সালে দেশে প্রথমবারের মতো এধরনের মেলার আয়োজন করা হয়। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, এক্সিম ব্যাংক, ইসলামিক রিলিফ ইউকে এবং মুসলিম এইড বাংলাদেশের যৌথ আযোজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।