রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম রাসেল নিহত হওয়ার ঘটনায় গলাকাটা বাবু নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত গলাকাটা বাবু পল্লবী এলাকার ভাড়াটিয়া কিলার গ্রুপের অন্যতম সদস্য। ভাড়ায় কিলিং মিশনে অংশ নেয়াই তার কাজ। নিহত রাসেলের বাবা আব্দুল মান্নানকে খুন করতে গিয়েছিল ভাড়াটিয়া কিলার গ্রুপ। কিন্তু ওষুধের দোকানের বসে থাকা মান্নানের ছেলে রাসেলকে হত্যা করে ভাড়াটিয়া কিলার গ্রুপ।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেডিকেয়ার ফার্মেসিতে সন্ত্রাসীরা গুলি করে রাসেলকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মান্নান বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ শুক্রবার মিরপুর এলাকা থেকে গলাকাটা বাবু নামের এক যুবককে আটক করে।
পল্লবী থানার অফিসার ওসি দাদন মিয়া জানান—নিহত রাসেলের বাবা আব্দুল মান্নান তিন নম্বর ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি। নিহত রাসেল দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় ছিলেন। সাত বছর আগে দেশে ফিরে ব্যবসা ওষুধ ব্যবসা শুরু করেন। তবে তার সঙ্গে কারো বিরোধ ছিল এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পল্লবীর সবুজবাংলা আবাসিক এলাকার একটি বস্তির জায়গা নিয়ে স্থানীয় রব-টিংকু গ্রুপের সঙ্গে নিহত রাসেলের বাবার সঙ্গে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জোর ধরেই সন্ত্রাসীরা আব্দুল মান্নানকে খুন করার পরিকল্পনা করেছিল। ভাড়াটিয়া কিলার গ্রুপকে দিয়ে ওই খুনের পরিকল্পনা করে। বুধবার রাত সাড়ে ১২টায় কিলার গ্রুপ ওষুধের দোকানে গিয়ে রাসেলকে আব্দুল মান্নান মনে করে গুলি করে হত্যার পর পালিয়ে যায়।
