যৌতুকের দাবিতে রাজধানীর মিরপুরে দুই নারীকে হত্যা করা হয়েছে। এদের একজন সোমা আক্তার ও অন্যজন মিতু বেগম। সোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ইন্টার্ন। আর মিতু গৃহিনী। সোমার স্বামী আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আর মিতুর স্বামী পালিয়ে গেছেন। তাকে খুঁজছে পুলিশ। উভয় নারীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, যৌতুক না পেয়ে স্বামী ও তাদের পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া যাত্রাবাড়ী এলাকায় গতকাল শুক্রবার সকালে মো. সজীব (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে মিরপুর পল্লবীতে এক নারীর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে তার বাসার সামনেই, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। পল্লবী থানার এসআই শাহিনুর জানান, গতকাল সকালে পল্লবীর প্যারিস রোডের ১৮ নম্বর লাইনে একটি টিনশেড বাসার সামনে থেকে মিতু বেগম (২৫) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। স্বামী সবুজ মিয়া ও এক সন্তান নিয়ে ওই বাসাতেই মিতু থাকতেন। পুলিশ সবুজকে খুঁজছে। নিহতের চাচা নিজাম গাজী জানান, যৌতুকের টাকা দাবি করে সবুজ মিয়া প্রায়ই মিতুকে মারধর করত। নিহতের বোন ঝুমুর বেগমের অভিযোগ, পারিবারিক কলহের জেরে রাতে শ্বাসরোধে মিতুকে হত্যার পর লাশ বস্তায় ভরে বাসার সামনে ফেলে সবুজ তার পাঁচ বছরের ছেলে আলীকে নিয়ে পালিয়েছে। এ ঘটনায় ঝুমুর বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেছেন। ঝুমুরের বরাত দিয়ে তিনি বলেন, সবুজ এলাকায় দর্জির দোকানে কাজ করতেন। গত তিন মাস ধরে তারা প্যারিস রোডের ওই বাসায় থাকছিলেন। মিতুর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
