অন্তত এবার শিখি

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:৫২

শোকের দিনে আরেক শোক হয়ে আসা চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পুরো জাতিকে আরেকবার স্থবির করে দিয়েছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের অবহেলা, অসাবধানতা আর ভুল থেকে শিক্ষা না নেওয়ার পুরোনো রীতি। যার ফলে চুড়িহাট্টায় ৬৭ জনকে আগুনে পুড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হলো। বলা হয়ে থাকে, ‘ন্যাড়া একবারই বেলতলায় যায়।’ কিন্তু আমরা বারবার যাই আর বিপদকে আমন্ত্রণ জানাই। নাহলে ৯ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি কেন হবে! যারা মৃতের সংখ্যা নিয়ে যোগ-বিয়োগের খেলা খেলেন, তাদের কাছে প্রশ্ন—মানুষের জীবন এতোই ঠুনকো, মূল্য এতোই কম? তবে কি আমরা এবারও মাথা তুলে দাঁড়াতে পারব না? পারব না চকবাজারের ঘটনা থেকে শিক্ষা নিতে! যে শিক্ষা নেওয়া উচিত ছিল নয় বছর আগে নিমতলীর বিভীষিকাময় রাত থেকে, দেরি করে হলেও কি আজ সে বিবেক জাগ্রত হবে না আমাদের? যদি তা এবারও সম্ভব না হয়, তবে সমৃদ্ধ দেশ গড়ার পথে আমরা যতটুকু অর্জন করেছি, আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাবে, ম্লান হয়ে যাবে আমাদের সোনার বাংলা গড়ার স্বপ্ন। সুতরাং এমন অপ্রত্যাশিত ঘটনা যেন আর না ঘটে, সেজন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ