রাজধানীর পশ্চিম মালিবাগ থেকে ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মতিউর রহমান তন্ময় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বায়েজিদ আহমেদ হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী। শনিবার ভোরে ডাক্তার সাহেবের গলি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ক্যামেরার লেন্স, চারটি মোবাইল ফোন এবং ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ দিকে, শুক্রবার কাওরয়ান বাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে দুই যুবক।
রমনা মডেল থানার এসআই টোকনুজ্জামান জানান—শুক্রবার দিনগত রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিহাব বিন আমিন ও তার চাচাত ভাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সিয়াম হাসান মালিবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হন। তাদের অভিযোগের ভিত্তিতে মতিউর ও বায়েজিদকে গ্রেফতার করা হয়।
শিহাব জানান—তার চাচাত ভাই সিয়াম ফটোগ্রাফির কাজ করেন। তিনি বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানের ছবি তুলে দেন। ইন্টারনেটে ‘সিম ফটোগ্রাফি’ নামে তার একটি সাইট আছে। সেখানে সিয়ামের ফোন নম্বর দেয়া আছে। শুক্রবার সকালে সিয়ামকে ফোন করে একজন তার ভাগ্নের জন্মদিনের ছবি তুলে দেয়ার বিষয়ে কথা বলতে পশ্চিম মালিবাগের ডাক্তার সাহেবের গলিতে যেতে বলেন। শিহাবকে সঙ্গে নিয়ে সিয়াম সেখানে পৌঁছালে ৮-১০ জন যুবক তাদের মারধর করে ক্যামেরা, মোবাইলফোন এবং সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ দিকে, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাওরয়ান বাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অজ্ঞাতপরিচয় দুই যুবক।
তেজগাঁও থানার এএসআই আব্দুর রাজ্জাক বলেন, ‘কারওয়ান বাজারের প্রজাপতি আন্ডারপাসের পশ্চিমপাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
