গুয়ানতানামো বে কারাগার থেকে ৬ বন্দিকে স্থানান্তর

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৯:৩৪
 
কিউবায় যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগার থেকে থেকে ছয় ইয়েমেনী বন্দিকে স্থানান্তর করা হয়েছে। পুনর্বাসনের জন্য এদের মধ্যে পাঁচজনকে ওমানে ও একজনকে এস্তোনিয়ায় পাঠানো হয়েছে। কারাগারটি বন্ধ করে দেয়ার পৃক্রিয়ার অংশ হিসেবে বন্দিদের স্থানান্তরের কাজ করা হচ্ছে।
 
দীর্ঘ প্রক্রিয়া শেষে শুক্রবার এ স্থানান্তর কার্যক্রম শেষ করা হয় বলে পেন্টাগনের বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে, ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বলে ছয় ইয়েমেনি কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। বিবৃতিতে পেন্টাগন আরও জানায়, কয়েদিদের স্থানান্তরের আগে ওমান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তাদের স্থানান্তর শুরু হয়।
 
মুক্তিপ্রাপ্তরা হলেন- ইদরিস আহমেদ আবদ আল কাদির ইদরিস, শারাফ আহমেদ মুহাম্মাদ মাস’উদ, জালাল সালাম আওয়াদ আওয়াদ, সা’আদ নাসের মকবিল আল আজানি, এমাদ আব্দাল্লাহ হাসান ও মুহাম্মাদ আলি সালেম আল জারনুকি। কারাগারটিতে এখনো  ১১৬ জন বন্দি রয়েছে।
 
২০০৯ সালের ২২ জানুয়ারি প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ানতানামো বে কারাগারে আটকদের বিষয়ে ‘পর্যালোচনার ভিত্তিতে পুনর্বিবেচনার’ একটি নির্বাহী আদেশ জারি করেন। দেশটির ছয়টি ভিন্ন ভিন্ন অধিদফতর ও সংস্থা নিরাপত্তাজনিত কারণসহ অপরাধের মাত্রা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়।
 
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ার হামলার পর কিউবায় গুয়ানতানামো বে কারাগারটি খোলা হয়। এরপর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেককে এখানে আটকে রাখতে শুরু করে মার্কিন কর্তৃপক্ষ।
 
আদালতে সোপর্দ না করে বিনা বিচারে এখানে বন্দিদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে। সূত্র: আল জাজিরা ও বিবিসি