লিবিয়ায় তিউনিসিয়ার দূতাবাসে ঢুকে ১০ কর্মীকে জিম্মি

আপডেট : ১৩ জুন ২০১৫, ১৯:৫৯
 
সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন লিবিয়ার ত্রিপোলিতে তিউনিসিয়ার দূতাবাসে ঢুকে ১০ কর্মীকে জিম্মি করে রেখেছে। তবে কোন গোষ্ঠী দূতাবাসে জোর করে ঢুকেছে, তা এখনো পরিষ্কার নয়। তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর বিবিসির।
 
তিউনিসিয়া সরকার বলেছে—তারা দূতাবাসের কর্মীদের মুক্তির জন্য সব কিছুই করবে।
 
তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে— পরিস্থিতি সামাল দেয়ার জন্য একটি ইউনিট গঠন করা হয়েছে। ২০১১ সালে প্রেসিডেন্ট গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় অরাজকতা বিরাজ করছে। আটটি গাড়িতে করে এসে সশস্ত্র ব্যক্তিরা দূতাবাসে ঢুকে পড়ে। কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি জোট নিজেদের ত্রিপোলির সরকার বলে ঘোষণা দিয়েছে।
 
তিউনিসিয়া কয়েক মাস আগে ত্রিপোলিতে তাদের দূতাবাস ফের চালু করে। তবে বেশির ভাগ দেশ নিরাপত্তার কারণে লিবিয়ায় তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।