হবিগঞ্জে জামিনে মুক্তি পেয়েছেন গউছসহ বিএনপির ১৪ নেতাকর্মী

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২১:৫৭

হবিগঞ্জে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পৌর মেয়র বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ১৪ জন নেতা-কর্মী। রবিবার তারা জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্যরা হচ্ছেন জি কে গউছের ছোট ভাই জি কে গাফফার, বিএনপি নেতা ইউপি মেম্বার ছামিউন বাছির, যুবদলের সিনিয়র সহ-সভাপতি কুহিনুর আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক শরীফ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, গোলাম মাহবুব, এমদাদুল হক বাবুল, এনামুল হক এনাম, আফিল উদ্দিন মেম্বার, আব্দুস সাহেদ, শাহরিয়ার সৌরভ, সুমন মিয়া ও মিজানুর রহমান বাবুল।

উল্লেখ্য, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জ পৌরসভার পদত্যাগী মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল, হামলা ও মারপিটের অভিযোগে জি কে গউছকে প্রধান আসামি করে ৪টি মামলা দায়ের করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি এ ৪টি মামলায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে উল্লিখিতরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।