রাঙ্গামাটিতে ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ১৪ জুন ২০১৫, ১১:১৮
 
 
রাঙ্গামাটির লংগদুর ভাইবোনছড়ায় সন্ত্রাসীদের গুলিতে অন্তত ৩ ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৬ টায় লংগদু উপজেলাধীন ভাইবোনছড়া এলাকার গোল্লাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 
 
 নিহতরা হলেন, যুদ্ধমনি চাকমা (৩০),  লংগদু, রূপময় চাকমা (২৮),  সুমন চাকমা (৩৫)।
 
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি অভযেোগ করনে, সন্তু লারমার সশস্ত্র গ্রুপের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। 
 
তবে স্থানীয় সূত্র জানায়, এই ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে এবং একটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা।  
 
এলাকাবাসী ও ইউপিডিএফ সূত্র জানিয়েছে, ভাইবোনছড়া এলাকার গোল্লাছড়ি গ্রামের একটি বসতঘরে তাদের বেশ কয়েকজন কর্মী দলীয়কাজে গিয়ে রাতে অবস্থান করছিলো। ভোরে সেখানে উপস্থিত হয়ে আকস্মিকভাবেই হামলা চালিয়ে একাধারে ব্রাশ ফায়ার করতে থাকে জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই ৩ ইউপিডিএফ কর্মী নিহত হয়। এই ঘটনায় সন্ত্রাসীরা উক্ত ঘরটিতে আগুন ধরিয়ে দেয়। 
 
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা তিনজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় গ্রামে প্রবেশ করে ব্রাশ ফায়ার চালালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় তাৎক্ষনিকভাবে তিনজন নিহত হওয়ার কথা তিনি জানতে পেরেছেন।তিনি দাবি করেন, এই ঘটনায় জেএসএস সন্ত্রাসীরা যে ঘরটিতে আগুন ধরিয়ে দিয়েছে সেটিতে বেশ কয়েকজন নারী ও শিশু ছিলো। তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
 
অপরদিকে এই ঘটনার সাথে নিজেরা জড়িত নয় বলে গনমাধ্যমকর্মীদের জানিয়েছেন জেএসএস নেতা সজীব চাকমা। তিনি দাবি করেন অন্তকোন্দলেই ইউপিডিএফ এর কর্মীরা নিহত হয়েছে। 
 
রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, লংগদুর ব্রাশ ফায়ারে ৩ জন মারা যাওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স রওনা হয়েছে।