মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৮:১৩
জেলার সদর উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল আওয়াল (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার উকিয়ারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আব্দুল আওয়াল মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, গত বুধবার আব্দুল আওয়াল অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা এলাকায় তার বন্ধু ওয়াসিমের বাসায় বেড়াতে নিয়ে যান। সেখানে আওয়াল ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় তার বন্ধু ওয়াসিম ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। এ ঘটনা কাউকে জানালে ওই ছাত্রীকে হত্যা করা হবে বলে হুমকি দেন তারা। এতে ওই স্কুলছাত্রী বিষয়টি চেপে যায়। পরবর্তীতে ব্ল্যাকমেল করে ওই যুবক তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে এবং সেই ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই স্কুলছাত্রী ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রবিবার সন্ধ্যায় আওয়াল ও ওয়াসিমকে আসামি করে মামলা করেন।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, গতকাল রবিবার রাতে আওয়ালকে ভিডিও চিত্রসহ গ্রেফতার করা হয়। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।