যুক্তরাষ্ট্র-ভেনিজুয়েলার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৮:২৭
 
যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলার মধ্যকার রাজনৈতিক সংকট নিরসনে হাইতিতে রবিবার উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাউন্সিলর থমাস শ্যানন, ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান দিয়োসদাদো ক্যাবেলোর সঙ্গে বৈঠক করেন।
 
ভেনিজুয়েলার কর্মকর্তাদের টুইটার বার্তা থেকে জানা গেছে, উভয় দেশ সম্পর্ক উন্নয়নে কাজ করতে সম্মত হয়েছে। রবিবারের বৈঠকে শ্যানন এবং  ক্যাবেলো দুই দেশের সম্পর্ক উন্নয়নে একত্রে কাজ করার ব্যাপারে সম্মত হন বলে জানা যাচ্ছে।
 
গত কয়েক সপ্তাহ ধরে, যুক্তরাষ্ট্র এবং ভেনিজুয়েলার নমনীয় মনোভাব দেখে এমন একটি বৈঠক হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছিল।
 
সম্প্রতি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, ভেনিজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর রাজনীতিক দিয়োসদাদো ক্যাবেলোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ তদন্ত করছে ওয়াশিংটন।
 
ক্যাবেলো সেই অভিযোগ অস্বীকার করলেও, সেই প্রেক্ষাপটেই রবিবার ওই বৈঠক আয়োজন করা হয়।
 
এর আগে এপ্রিলে, কারাকাসে আরেকটি বৈঠক হয়, যেখানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেন শ্যানন।
 
বছরের শুরুতে, ভেনিজুয়েলা একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানে মার্কিন মদদের অভিযোগে, দেশটিতে মার্কিন দূতাবাসের কর্মীসংখ্যা কমানোর নির্দেশ দিলে দু’দেশের সম্পর্কের চরম অবনতি হয়। জবাবে যুক্তরাষ্ট্রও ভেনিজুয়েলাকে নিরাপত্তার জন্য হুমকি বলে ঘোষণা দেয়। সূত্র: রয়টার্স