যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দক্ষিণ আফ্রিকা ছেড়ে পালিয়েছেন। বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে।
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার পর ‘সাউথ আফ্রিকান লিটিগেশন সেন্টার’ এর আবেদনের প্রেক্ষিতে প্রিটোরিয়ার হাইকোর্ট দেশ ত্যাগে বশিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
রবিবার হাইকোর্টের এক জন বিচারক তাকে গ্রেফতারের আবেদন বিবেচনা না করা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ছাড়তে তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সুদানে দারফুর সংকটের সময় যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০০৩ সালে শুরু হওয়া সহিংসতায় সুদানে প্রায় তিন লাখ মানুষ নিহত ও প্রায় ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছড়ে পালাতে বাধ্য হয়।
আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন ওমর আল-বশির। যুদ্ধাপরাধের দায়ে তাকে বিচারের মুখোমুখি করা হবে না কি আন্তর্জাতিক আদালতের কাছে হস্তান্ত করা হবে তাও বিবেচনা করছিল দেশটির আদালত।
সুদানে ফেরার পর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ওমর আল-বশিরের।
