বোমা তৈরির পরিকল্পনার অভিযোগে হংকংএ আটক ৯

আপডেট : ১৫ জুন ২০১৫, ২০:০৪
 
হংকং এর পুলিশ জানিয়েছে, বোমা তৈরির পরিকল্পনার অভিযোগে নয় জনকে গ্রেফতার করা হয়েছে। চীনের অধীনে থাকা হংকং এ রাজনৈতিক সংস্কারের একটি বিতর্কিত পরিকল্পনার ওপর ভোট গ্রহণের প্রাক্কালে এই গ্রেফতারের ঘটনা ঘটল। খবর- বিবিসির।
 
হংকং এর সংবাদমাধ্যমগুলোর খবরে প্রকাশ, তদন্তকারীরা ধারণা করছেন হংকং এর আইনসভা ভবনে হামলার পরিকল্পনা করছিলেন গ্রেফতারকৃত ওই নয় জন।
 
পুলিশের মুখপাত্র ওয়াই হন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে অন্তত এক জন কট্টরপন্থী একটি গ্রুপের সদস্য তবে গ্রেফতারের ঘটনার সাথে ভোট গ্রহণের সরাসরি কোন সম্পর্কের কথা তিনি উল্লেখ করেন নি।
 
কয়েক মাস আগে হংকং এ আরো বেশি গণতান্ত্রিক শাসনের দাবিতে ব্যপক আন্দোলন হয়েছে। এর প্রেক্ষিতে গত এপ্রিলে হংকং সরকার একটি বিতর্কিত প্রস্তাব দেয়। সেখানে ২০১৭ সালে হংকং এর প্রধান নির্বাহী নির্বাচন করতে একটি কমিটির প্রস্তাব করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ কমিটির সদস্যরা অধিকাংশই চীনপন্থী।
 
গত বছর প্রস্তাবটি দেয়ার সময় হংকং এ হাজার হাজার মানুষ প্রায় দুই মাস যাবত শহরটির রাস্তা অবরোধ করে রেখেছিল।