ম্যাগনাকার্টা স্বাক্ষরের ৮০০তম বার্ষিকী পালন

আপডেট : ১৬ জুন ২০১৫, ০১:১৭

ব্রিটেনের রাজার ঐতিহাসিক ম্যাগনাকার্টায় স্বাক্ষরের ৮০০ তম বর্ষপূর্তি পালন করা হলো গতকাল সোমবার। অনুষ্ঠানে যোগ দিলেন ব্রিটেনের রাণী ও তার পরিবারের সদস্যরা। টেমস নদীর যেই স্থানে রাজা জন ১২১৫ সালে ম্যাগনা কার্টায় স্বাক্ষর করেছিলেন সেই স্থান রানিমেইড মিডো-তে বর্ষপূর্তি অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ম্যাগনাকার্টা পুরো বিশ্বকে পরিবর্তন করেছিল। 

 
১২১৫ সালের ১৫ জুন রাজা জন ম্যাগনা কার্টায় স্বাক্ষর করেছিলেন। গতকালের অনুষ্ঠানে একটি বড় আর্ট গ্যালারিও উন্মুক্ত  করা হয়। এই ম্যাগনাকার্টা চুক্তির মধ্য দিয়েই সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়। ঐতিহাসিক এই সনদেই বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম ঘোষণা করা হয়, কোনো দেশের রাজাসহ সেদেশের সকলেই রাষ্ট্রীয় আইনের অধীন, কেউ আইনের ঊর্ধ্বে নন।
 

প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, এই চুক্তির মাধ্যমেই বিশ্বের সমাজের মানুষের অধিকার এবং স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপিত হয়। এর মাধ্যমে রাজাও আইনের অধীনে আসেন। এর মাধ্যমে সরকার এবং শাসিতদের মধ্যে ভারসাম্য স্থাপিত হয়। -বিবিসি