চাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭

আপডেট : ১৬ জুন ২০১৫, ১০:৫৩
 
চাদের রাজধানী জামেনায় জঙ্গিদের তিনটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। সোমবার সকাল নয়টার দিকে পুলিশ সদর দপ্তর ও পুলিশের প্রশিক্ষণ স্কুলে এসব হামলা চালানো হয়।
 
নাইজেরীয় বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে চাদের ভূমিকার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১০০ জন। নিহত ২৭ জনের মধ্যে বোকো হারামের চার আত্মঘাতীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।
 
প্রশিক্ষণ স্কুলের হামলাটিতেই বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এখানে এক আত্মঘাতী প্রবেশ করে প্রাঙ্গণে জড়ো হওয়া প্রশিক্ষণার্থীদের ভিড়ে মিশে বিস্ফোরণ ঘটায়। আরেক আত্মঘাতী স্কুলের গেটের কাছে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটায়, এতেও বেশ কয়েকজন হতাহত হন।
 
চাদে আত্মঘাতী বোমা হামলার এটিই প্রথম ঘটনা। আফ্রিকার সাহেল এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে পশ্চিমা শক্তিগুলোর ঘনিষ্ঠ মিত্রতে পরিণত হয়েছে চাদ। অপরদিকে নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন ও বেনিনের সঙ্গে মিলে নাইজেরিয়ার বোকো হারামের জঙ্গিদের বিরুদ্ধে জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানেও নেতৃত্ব দিচ্ছে।
খবর রয়টার্সের।