৯০ বছর পর এস.ডি বর্মণের বাড়িতে নাচ-গানের উত্সব

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৫:৩৫
 
‘শোন গো দখিন হাওয়া’, ‘কে যাস রে ভাটি গাঙ বাইয়া’, ‘বন্ধু রঙ্গেলা রঙ্গেলা’, ‘বিরহ বড় ভাল লাগে’, ‘সুবল রে বল বল’, ‘তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল’সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা সঙ্গীতশিল্পী শচীন দেববর্মণ বা এস.ডি.বর্মণ। উপমহাদেশের অন্যতম সেই সঙ্গীত গুরু সুরসম্রাটের বাড়িতে দীর্ঘ ৯০ বছর পর মঙ্গলবার বিকালে বসছে গান ও নাচের আসর।
 
সুদীর্ঘ বছর পর কুমিল্লা মহানগরীর উত্তর চর্থা এলাকার শচীন-কর্তার নিজ বাড়ির আঙ্গিনায় বিকাল সাড়ে পাঁচটা থেকে এই উত্সব শুরু হবে। দেশের বিখ্যাত শচীনজ্ঞরা এখানে বসে আসর মাতিয়ে তুলবেন। আবারো গানে গানে মুখরিত হবে শচীন কর্তার বাড়ি। চলবে গান ও গানের সাথে নৃত্য আর শচীনকে নিয়ে আলোচনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ও কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই উত্সব উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই উত্সবকে ঘিরে জেলার সাংস্কৃতিক অঙ্গণে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও উত্সবে আমেজ ছড়িয়ে পড়েছে। 
 
১৯২৫ সালে কুমিল্লা মহানগরীর চর্থা এলাকার এই বাড়ি থেকে ভারতে চলে যান শচীন-কর্তা, এরপর এই বাড়িতে আর গানের সুর বাজেনি।
 
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, শচীন উত্সবের উদ্বোধন করবেন কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন। এই উত্সবে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, খ্যাতনামা শিল্পী সুবীর নন্দী, শচীন দেব বর্মণের গানের শিল্পী কিরণ চন্দ্র রায়। স্থানীয় শিল্পীরাও গানে-নাচে মাতিয়ে তুলবেন আসর।
 
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯২৫ সালে শচীন দেব বর্মণ কুমিল্লা থেকে ভারত চলে যাওয়ার পর নগরীর উত্তর চর্থায় তার বাড়িটি তত্কালীন সরকার দখল করে নিয়ে এতে মুরগীর খাম‍ার ও গরুর প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। অনেকের ধারণা হিংসাত্মক মনোভাব নিয়ে ঐ প্রতিষ্ঠানগুলো করা হয়। বর্তমানে বাড়িটির মূল অংশ জেলা প্রশাসনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। বর্তমানে এখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং এর মূল ভবনকে ঘিরে থাকবে ‘শচীন জাদুঘর’।
 
কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, শচীন দেব বর্মণের গান নদীর মতো বহমান। দীর্ঘদিন পর শচীন দেব বর্মনের গান হবে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। এই উত্সবের মধ্য দিয়ে কুমিল্লাবাসী এই কিংবদন্তী সংগীত শিল্পীর কিছুটা হলেও ঋণ স্বীকার করবে। আগামী বছর এখানে আশা ভোঁশলেকেও আনার পরিকল্পনা রয়েছে।