ড্রোন হামলায় ইয়েমেনের আল কায়েদা প্রধান নিহত

আপডেট : ১৭ জুন ২০১৫, ০২:০৯

ওসামা বিন লাদেনের এক সময়ের সহযোগী আল কায়েদার আরব উপদ্বীপের (একিউএপি) শীর্ষ নেতা নাসির আল-বুহায়শি মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেহাদি দলটি।

 
মঙ্গলবার দুই ইয়েমেনি নিরাপত্তা কর্মকর্তা ও আল-কায়েদার প্রকাশ করা ভিডিও বার্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত শুক্রবার মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার এই শীর্ষ নেতা নিহত হন ।
 
নাসির আল-বুহায়শি আরব উপদ্বীপে আল-কায়েদার সহযোগী সংগঠন আল-কায়েদা ইন অ্যারাবিয়ান  পেনিনসুলার (একিউএপি) শীর্ষ নেতা ছিলেন। গত শুক্রবার ইয়েমেনের হাদ্রামত অঞ্চলে সন্দেহভাজন এলাকায় ড্রোন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এ হামলায় তার মৃত্যু হয়।
 
এদিকে নতুন ভিডিও বার্তায় একিউএপি’র নতুন শীর্ষ নেতার নাম ঘোষণা করেছে আল-কায়েদা। সংগঠনটির সেনা শাখার অধিনায়ক কাসম আল-রিমিকে নাসির আল-বুহায়শির স্থলাভিষিক্ত করা হয়েছে। আবু হুরায়রা আল-সানানি নামেও কাসম আল-রিমি বহুল পরিচিত।
 

বিশ্বব্যাপী আল-কায়েদা নেটওয়ার্কের দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন নাসির আল-বুহায়শি। ২০০৬ সালে  ইয়েমেনের কারাগার ভেঙ্গে তিনি পালিয়ে যান। এর আগে তিনি আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।