ইসলামের প্রশংসায় মোদী

আপডেট : ১৭ জুন ২০১৫, ১০:০০
 
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলাম ধর্মের প্রশংসা করেছেন। এই ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন শরীফে শিক্ষাকে গুরুত্ব দেয়ায় তিনি এই প্রশংসা করেন। উল্লেখ্য কুরআন শরীফে ‘আল্লাহ’ শব্দের পর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ‘ইলম্’ শব্দটি যার অর্থ ‘পড়’। এই শব্দটি কুরআন শরীফে ৮শ’ বার ব্যবহৃত হয়েছে বলেও জানান মোদী।
 
প্রধানমন্ত্রী মোদী সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে সার্কভুক্ত রাষ্ট্রগুলোর হাইকমিশনার এবং মুসলিম অধ্যুষিত দেশ কাতার, বাহরাইন, মিসর এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে ‘এডুকেশন অব মুসলিমস’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী মোদী। ইতিহাসবিদ জেএস রাজপুত এবং ইন্ডিয়ান ইসলামিক কালচার সেন্টারের প্রেসিডেন্ট সিরাজউদ্দিন কোরেশি এই বইটি লিখেছেন। মোদী অতিথিদের রমজান মাসের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমরা ভাগ্যবান যে, আমরা একটি দেশে জন্ম নিয়েছি যেখানে বিভিন্ন বিশ্বাসের মানুষ হওয়া সত্ত্বেও একই ভাষায় কথা বলেন। বিশ্বের আর কোথাও এই কাজটি হয়তো করা সম্ভব না। তিনি ১৮৯৪ সালে আহমেদাবাদে মুসলিম শিক্ষা বিষয়ক একটি সেমিনারের কথা স্মরণ করেন যেটি একজন হিন্দু এর আয়োজন করেছিলেন। এই সেমিনারে মেয়েদের শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। মোদী বলেন, এই আধুনিক যুগে কোনো সমপ্রদায়কে উপেক্ষা করার সুযোগ নেই। আমরা যদি আধুনিকতাকে গ্রহণ না করি তাহলে বিশ্ব কিন্তু এগিয়ে যাবে, আমরা পেছনে পড়ে থাকবো।