নারায়ণগঞ্জ প্রগতিশীল জোটের ২০ নেতাকর্মীকে মারধর

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৬:৪০
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ভর্তি বাণিজ্য ও ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন নারায়ণগঞ্জ প্রগতিশীল ছাত্রজোটের নারী কর্মীসহ অন্তত ২০ জন। বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। আহতদের শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
আহতদের দাবি, ছাত্রলীগ এ হামলা চালিয়েছে। তবে ছাত্রলীগ বলছে, ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত না।
 
আহতরা হলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মৈত্রী ঘোষ, প্রগতিশীল ছাত্র জোটের জেলার আহ্বায়ক ও সামজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলার সভাপতি সজল বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র জাহিদ সুজন, জোটের সদস্য সেতু, সদস্য ও তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজু আহমেদ, রিয়া আক্তার।

ফতুল্লা মডেল থানার এসআই গোলাম মোস্তফা বলেন, ‘কলেজের সামনে ছাত্রলীগ হরতাল বিরোধী মিছিল বের করে আর একই সময়ে বাম দলের কিছু লোকজনও মিছিল বের করে। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।