ময়মনসিংহে নৌমন্ত্রী শাহজাহান খানের গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় মন্ত্রী আহত হননি বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফুলপুরের ছয় মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার ওসি মাজাহারুল হক জানান, রাতে নৌমন্ত্রী তার গাড়ি নিয়ে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন। পথে ছয় মাইল নামক স্থানে সড়কের স্পিড ব্রেকার অতিক্রমের সময় মন্ত্রীকে বহনকারী গাড়িটি সামনে থাকা পুলিশ প্রটেকশনের পিকআপকে ধাক্কা দেয়। এসময় পুলিশের পিকআপটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে মন্ত্রীকে শেরপুর জেলায় পৌঁছে দেয়া হয়েছে।
