পতাকা বৈঠকে আসেনি মিয়ানমার পুলিশ

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৩:৩২
 
নাফনদীতে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও নিয়ে যাওয়া বিজিবি সদস্যকে ফেরত দেয়ার বিষয়ে পতাকা বৈঠকে বসার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে আসেনি মিয়ানমার সীমান্ত পুলিশ (বিজিপি)। বৃহস্পতিবার সকাল ১০টায় ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
 
তবে আজ বৃহস্পতিবার যে কোনো সময় বৈঠক হতে পারে বলে দাবি করেছেন ৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ। তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউজে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকে মিয়ানমার হেফাজতে থাকা নায়েক রাজ্জাককেও ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো মিয়ানমার পক্ষ হতে (দুপুর ১টা পর্যন্ত) কোনো সবুজ সংকেত মেলেনি।’’
 
তিনি জানান, বিজিবি সদস্য নায়েক আবদুর রাজ্জাক মিয়ানমারের বিজিপির হেফাজতে রয়েছেন। তিনি নিরাপদ ও সুস্থ আছেন। আর গুলিবিদ্ধ বিপ্লব কুমার চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থা রয়েছেন।
 
গতকাল বুধবার বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। বাংলাদেশ জলসীমানায় দুটি বিহিঙ্গী নৌকায় মাদক চোরাচালানের সন্দেহে তল্লাশি করছিলেন বিজিবির সদস্যরা। এ সময় পূর্বদিক থেকে আরেকটি ট্রলারে করে মিয়ানমারের বিজিপি সীমান্ত বাহিনীর সদস্যরা এসে বিজিবির নৌকায় গুলি ছুড়লে সিপাহী বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। বিজিবি সদস্যরাও গুলি ছুড়ে জবাব দেয়। এতে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় চলে। এ ঘটনায় বিজিবির নায়েক রাজ্জাক জালে আটকা পড়লে মিয়ানমার বিজিপির সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।
 

এদিকে গোলাগুলির এই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, টেকনাফে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গুলি চালিয়েছে।